রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) রংপুরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় আলোচনার ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করা। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বলে উল্লেখ করেন তিনি।
বিএনপিকে ফ্যাসিবাদী বলা নিয়ে সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় গণতন্ত্র সম্পর্কে আরও গভীরভাবে জানার আহ্বান জানান।

