মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা প্রাণনাশের হুমকির সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শুনানিতে পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে তিনি অভিযোগ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, অজ্ঞাত নম্বর থেকে ফোন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, অতীত বা বর্তমান—কোনো সময়ই তার প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।








