রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, মৃত্যুর পেছনে প্রকৃত কারণ কী ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে প্রেমিক পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধি। ওই সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
ভোর আনুমানিক ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রিধির মরদেহ দেখতে পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কের বিষয়টি এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের বক্তব্যও নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রী রিধির মৃত্যু
Keep Reading
Add A Comment
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম
প্রকাশক: শেখ আল ফয়সল
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত.










