ভালোবাসার সম্পর্কে মান-অভিমান, ছোটখাটো ভুল বোঝাবুঝি কিংবা সঙ্গীর অনুভূতি নিয়ে মাঝে মাঝে দ্বিধা তৈরি হওয়া স্বাভাবিক। তবে এই সংশয় যখন নিয়মিতভাবে মনে ফিরে আসে এবং ব্যক্তির স্বাভাবিক চিন্তা, কাজকর্ম ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ অনেক সময় উদ্বেগ ও নেতিবাচক চিন্তার একটি চক্র তৈরি করতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে অনেকের মনেই বারবার প্রশ্ন আসতে পারে—‘আমি কি সত্যিই তাকে ভালোবাসি?’, ‘এই সম্পর্কটি কি আমার জন্য সঠিক?’ কোনো প্রশ্নের উত্তর পাওয়ার পরও কিছুদিন পর একই ধরনের সংশয় আবার ফিরে আসতে পারে। তখন অনেকে নিজের অনুভূতি যাচাই করতে শুরু করেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সময় আগের মতো আনন্দ বা রোমাঞ্চ হচ্ছে কি না, পুরোনো ছবি দেখে ভালোবাসার গভীরতা কতটা—এসব বিষয়ও অনেকে বারবার পরীক্ষা করেন। কিন্তু এতে নিশ্চিত হওয়ার বদলে সন্দেহ আরও বাড়তে পারে।
সঙ্গীর সাধারণ আচরণ নিয়েও অতিরিক্ত সন্দেহ তৈরি হতে পারে। যেমন, সামান্য নীরব থাকা, মেসেজের উত্তর দিতে দেরি করা কিংবা আগের তুলনায় কম প্রশংসা করাকে কেউ কেউ ভালোবাসা কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে ধরে নিতে পারেন। তখন সঙ্গীর কাছ থেকে বারবার নিশ্চয়তা চাওয়া কিংবা বন্ধুদের কাছে একই বিষয়ে মতামত নেওয়ার প্রবণতা তৈরি হয়। এতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে সমস্যাটি আরও জটিল হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমও এ ধরনের অনিশ্চয়তা বাড়াতে পারে। অন্য দম্পতিদের সুখী মুহূর্তের ছবি ও ভিডিও দেখে নিজের সম্পর্কের সঙ্গে তুলনা করলে অযথা হতাশা বা হীনম্মন্যতা তৈরি হতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সব সন্দেহই যে অমূলক তা নয়। সম্পর্কে যদি প্রতারণা, নিয়মিত মিথ্যাচার, অসম্মান বা দায়িত্বহীনতার মতো স্পষ্ট কারণ থাকে, তাহলে সেই উদ্বেগের বাস্তব ভিত্তি থাকতে পারে।
অন্যদিকে, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই যদি একই সন্দেহ বারবার ফিরে আসে, তাহলে প্রতিটি চিন্তার তাৎক্ষণিক উত্তর খোঁজার অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করা জরুরি। মনে রাখতে হবে, কোনো চিন্তা মাথায় আসা মানেই সেটি সত্য নয়। বারবার নিশ্চয়তা চাওয়া, নিজের অনুভূতি পরীক্ষা করা এবং অন্যদের সঙ্গে সম্পর্কের তুলনা করার প্রবণতা ধীরে ধীরে কমাতে হবে।
সন্দেহ ও উদ্বেগ যদি দৈনন্দিন জীবন বা সম্পর্কের স্বাভাবিকতায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা সাইকোথেরাপিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে। সুস্থ সম্পর্কের জন্য প্রতিটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা পাওয়া জরুরি নয়; বরং কিছুটা অনিশ্চয়তাকে মেনে নিয়ে পারস্পরিক বিশ্বাস, যোগাযোগ ও বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে চলাই গুরুত্বপূর্ণ।










