নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মিলনের মূল লক্ষ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজশিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়নে অধ্যক্ষদের আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সম্মিলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষেরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। একই সঙ্গে কলেজশিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে ধারণা লাভের সুযোগ তৈরি হবে।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, সম্মিলনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অপশনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। নিবন্ধন সম্পন্ন করলেই সম্মিলনে অংশগ্রহণের অনুমতি পাওয়া যাবে।
নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। কোনো অধ্যক্ষ অনিবার্য কারণে সম্মিলনে উপস্থিত হতে না পারলে তাঁর পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ নিবন্ধন করে অংশ নিতে পারবেন।
সম্মিলনে অংশগ্রহণের জন্য অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) গ্রহণ করতে পারবেন।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং কলেজ পর্যায়ে শিক্ষার পরিবেশ আরও কার্যকর করার ক্ষেত্রে এ সম্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।










