রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকাণ্ডে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপির এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একক প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিনে মাত্র একটি মনোনয়নপত্র পাওয়া গেছে। যাচাই বাছাইয়ে সেটি বৈধ বলে বিবেচিত হয়েছে। ফলে এলিজা জামান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ সময়সীমা শেষ হওয়ার পর তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে কমিশন।
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর পদত্যাগের পর আসনটিতে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এলিজা জামানের নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।










