রাজধানীর আদাবরে এক তরুণীকে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি করেন।
মামলাটি গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঘটনার তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বর-এর মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।
মামলার অন্য দুই আসামি হলেন নামিম আশরাফের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত সাদিয়া ইযাসফিয়া একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি শুটিংয়ের মাধ্যমে তার সঙ্গে ফটোগ্রাফার নামিম আশরাফের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিয়ের প্রতিশ্রুতি দিলেও নামিম বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন, যা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন রাতে নামিম সাদিয়াকে আদাবরের শেখেরটেক এলাকার নিজের স্টুডিওতে নিয়ে যান এবং পরিবারকে বান্ধবীর বাসায় থাকার কথা জানাতে বাধ্য করেন। এরপর ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত তাকে সেখানে আটকে রেখে একাধিকবার ধর্ষণ এবং পরে হত্যা করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন ও যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ বর্তমানে আদালতের বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।

