দেশের বন্ধ হয়ে যাওয়া জুটমিল, টেক্সটাইল মিল ও অন্যান্য শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের সব বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করার লক্ষ্যে কাজ চলছে। এর মাধ্যমে শিল্পে নতুন গতি আসবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির পাশাপাশি পাট ও রেশমশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এসব শিল্প সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঐতিহ্যবাহী শিল্পগুলোকে আধুনিকায়নের মাধ্যমে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।
তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় অনেক তাঁতি তাদের উৎপাদন ধরে রাখতে পারছেন না। এ কারণে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তাঁতিরা উন্নতমানের পণ্য উৎপাদনে সক্ষম হন। পাশাপাশি প্রান্তিক তাঁতিদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে টাঙ্গাইলের তাঁতশিল্পের ব্যবসায়ী, তাঁতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও সরকারি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

