সরকারের সঙ্গে দীর্ঘ মধ্যরাতের বৈঠকের পর আপাতত নতুন কর্মসূচি থেকে সরে এসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে সরকারের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতের বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই সরকারের প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনায় বসেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিক্ষোভকারীদের ভবিষ্যৎ নিরাপত্তা এবং চলমান আইনি জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌরভ দাসের দাবি, বৈঠকে সরকার বিহার ও আসাম সরকারের জারি করা কিছু সরকারি বিজ্ঞপ্তির অনুলিপি উপস্থাপন করেছে। সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বা আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে উল্লেখ রয়েছে। একই ধরনের পদক্ষেপ কেন্দ্রীয় সরকার ও অন্যান্য বিজেপি/এনডিএ-শাসিত রাজ্যেও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সিজেপির প্রধান লক্ষ্য হলো আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা। কোনো বিক্ষোভকারী যেন একা না পড়ে এবং আইনি হয়রানির শিকার না হন, সে বিষয়টি দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতিও নিয়মিত নজরদারিতে রাখা হবে।
সিজেপির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবারের মধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলো প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারি করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এর ফলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে চলমান বা ভবিষ্যতের আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশা করছে।
উল্লেখ্য, এর আগে পুলিশি অভিযানের অভিযোগ তুলে নতুন আন্দোলনের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছিল সিজেপি। তবে সরকারের সঙ্গে আলোচনার পর আপাতত সেই কর্মসূচি স্থগিত রেখে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

