বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনএসআইতে কর্মরত অবস্থাতেই তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশিক্ষণ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিআইডির সদর দপ্তর ছাড়াও চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর এবং দেশের বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এসব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তদন্ত ও অপরাধ দমনে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেন।
শিক্ষাগত জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আধুনিক পুলিশিং, ফরেনসিক বিজ্ঞান ও অপরাধ তদন্ত বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন। নতুন দায়িত্বে তার নেতৃত্বে সিআইডির তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

