ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খাবারের বিরতির পর কাশিমপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। পরে জরুন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী বিসিক শিল্পাঞ্চলে মিছিল করে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে সরে যান।
পরে শ্রমিকরা আবার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।
গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।










