দীর্ঘ চিকিৎসা ও বিশ্রাম শেষে প্রায় নয় মাস পর অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শুটিং থেকে দূরে থাকার পর সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।
‘অংশীদার’ নাটকে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে কেন্দ্র করে নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে।
এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। চিকিৎসা পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে আরও একটি অস্ত্রোপচারসহ দীর্ঘ চিকিৎসা নিতে হয় তাকে। এ সময় কঠোর বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়েও যেতে হয়েছে অভিনেত্রীকে।
গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন তিনি। এবার শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে অভিনয়জগতে নতুন করে যাত্রা শুরু করলেন তানিয়া বৃষ্টি।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল ও একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’ নাটকটি।










