পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয়জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মহাদেবপুর গোরস্থান মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গোরস্থানে সারিবদ্ধভাবে ছয়জনকে দাফন করা হয়। স্বজনদের আহাজারি ও শোকাবহ পরিবেশে শেষ বিদায় জানানো হয় তাদের।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে পড়ে নয়জন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হন।
বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করেন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সরকার ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
একসঙ্গে ছয়জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










