ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের এক সহকারী পুলিশ সুপার আহত হয়েছেন। একই দিন নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।
সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউএজ পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। একপর্যায়ে তাঁরা আশপাশের বিভিন্ন কারখানার সামনেও বিক্ষোভ শুরু করলে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি বিবেচনায় অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ জানিয়েছে, বিক্ষোভ, সংঘর্ষ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র: ভোরের কাগজ










