ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২ নভেম্বর) দুই দফায় সড়কে নামার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়। এ ঘটনায় গতকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার শ্রমিকেরা দুই দফায় সড়কে নামার চেষ্টা করেন। তাঁদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর-১৪ এলাকা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল ১১টার দিকে মিরপুর-৬-এর শিয়ালবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।
পুলিশ জানায়, এর আগে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় একাধিক মামলা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়ায়।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, আইন অমান্য করে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।










