বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়ানো হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি আসল নয়।
প্রতিষ্ঠানটির অনুসন্ধান অনুযায়ী, মানিক পশারীর ছবিতে মোমবাতি জ্বালিয়ে জবি শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবিতে ছবিটি ফেসবুকে বিভিন্ন পোস্টে প্রচার করা হয়। তবে এ বিষয়ে জাতীয় গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটির সত্যতা পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করেও একাধিক অসংগতি শনাক্ত করা হয়েছে। পরে সিন্থআইডি ও ওপেনএআইসহ একাধিক এআই ছবি শনাক্তকারী টুলের মাধ্যমে বিশ্লেষণ করা হলে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বলে ফলাফল পাওয়া যায়।
মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি এবং চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এসব ঘটনার খবর বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। তবে সেই বাস্তব ঘটনাগুলোর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ছবিটির সত্যতা মেলে না।
রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর দৃশ্য হিসেবে প্রচারিত ছবিটি এআই-নির্মিত। তাই ছবিটিকে বাস্তব ঘটনার প্রমাণ হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।
সূত্র: রিউমর স্ক্যানার










