বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের নামের পেছনের চমকপ্রদ তথ্য জানিয়েছেন তাঁর বাবা মুনির নাসরাউই। অনেকের ধারণা, ‘ইয়ামাল’ তাঁর পারিবারিক পদবি। তবে মুনির জানিয়েছেন, ছেলের প্রকৃত পারিবারিক পদবি ‘নাসরাউই এবানা’।
গত শনিবার আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের জয়ের পর এক লাইভ সম্প্রচারে বিষয়টি পরিষ্কার করেন মুনির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ইয়ামাল তাঁর ছেলের পারিবারিক পদবি নয়। ভুল বোঝাবুঝি এড়াতে বিষয়টি সবার জানা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
২০০৭ সালের জুলাইয়ে বার্সেলোনার শহরতলিতে জন্ম নেওয়া ইয়ামাল বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকা। তাঁর বাবা মুনির নাসরাউই মরক্কোর এবং মা শেইলা এবানা বিষুবীয় গিনির বংশোদ্ভূত।
বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অল্প বয়সেই ফুটবল বিশ্বে নিজের অবস্থান শক্ত করেছেন ইয়ামাল। ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়েও তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।










