গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের ভাড়াটিয়ার সঙ্গে বহিরাগত বা সন্দেহভাজন অপরাধী চক্রের সদস্যদের অবস্থানের বিষয়ে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। এ ধরনের কাউকে অবস্থান করতে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়াটিয়ার পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো বহিরাগত ব্যক্তি বাসায় অবস্থান করলে বাড়ির মালিকদের কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। একই সঙ্গে কোনো অপরাধী চক্রের সদস্য বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়ে অবস্থান করলে সে বিষয়েও দ্রুত তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পরও বাড়ির মালিকেরা যথাযথ কর্তৃপক্ষকে না জানালে এবং পরবর্তী সময়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁদের দায় নিতে হতে পারে। বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এ উদ্যোগের বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসেন জানান, চলমান শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়, সে লক্ষ্যেই এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রশাসনের এ নির্দেশনার মাধ্যমে ভাড়াটিয়াদের বাসায় বহিরাগতদের অবস্থান সম্পর্কে নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।










