আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেবে বিএনপি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, স্থানীয় পর্যায়ে কে বেশি জনপ্রিয় এবং কার নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, তা বিবেচনা করে প্রার্থী বাছাই করা হবে। জেলা ও উপজেলা বিএনপির নেতারা পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেবেন। নির্বাচনের তপশিল ঘোষণার পর প্রার্থী বাছাইয়ের কার্যক্রম আরও জোরদার হবে বলেও জানান তিনি।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, দেশের বাইরে থাকা পরাজিত শক্তি এবং দেশের অভ্যন্তরের কিছু রাজনৈতিক গোষ্ঠী নতুন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও অভিযোগ করেন, শ্রমিকদের বিভ্রান্ত করে সড়কে নামিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ক্ষেত্রে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে সাম্প্রতিক একটি ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, তাঁদের মধ্যে একজন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দলটি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য প্রকাশ্যে আন্দোলন করেছে এবং এ পথে অনেক ত্যাগ স্বীকার করেছে। তাঁর মতে, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ গ্রহণ করবে না।










