গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়। স্থানীয় স্টেশন মাস্টারের তথ্য অনুযায়ী, ওই ট্রেনটি প্রায় আধা ঘণ্টা বিলম্বে চলাচল করছিল।
ঘটনাস্থল থেকে মশার কয়েলও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমন্ত অবস্থায় ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনে ঘুমানো বা চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।










