প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার দিকে বৈঠক শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগ, বিভিন্ন খাতে সম্ভাবনা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। তাঁর সঙ্গে ছিলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়াবিষয়ক ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন ও অন্যান্য সম্ভাবনাময় খাতে দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হলে বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিবেশে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এই বৈঠককে দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও মতামত তুলে ধরেছেন বলে জানা গেছে।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সেখানে বৈঠকে আলোচিত বিষয়, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে নেওয়া সম্ভাব্য উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।










