নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
দেশে ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে ট্রেড লাইসেন্স প্রদানের জন্য একটি সমন্বিত অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ব্যবসায়ীরা ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন এবং নির্ধারিত ফি পরিশোধ করে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে লাইসেন্সের মেয়াদ বাড়ানো এবং প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়ে ‘ন্যাশনাল টাস্ক ফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’-এর প্রথম সভায় এসব পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনভেদে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। এ প্রক্রিয়াকে একটি সমন্বিত অনলাইন পোর্টালের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে লাইসেন্স পেতে সময়ক্ষেপণ ও প্রশাসনিক জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন। ব্যবসায়ীদের ব্যয় কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের কাজের অনুমোদন ও নিরাপত্তা ছাড়পত্র নবায়নের দীর্ঘসূত্রতা নিয়েও আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বৈধ ও নিবন্ধিত প্রতিষ্ঠানের অধীনে কর্মরত বিদেশি নাগরিকদের ছাড়পত্র নবায়নের ক্ষেত্রে অযৌক্তিক জটিলতা গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার আহ্বান জানান তিনি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস, অপ্রয়োজনীয় বিধিনিষেধ প্রত্যাহার এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










