রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন আসিফ আকবর। এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে সংগীতাঙ্গনে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। স্বামী নিরাপদে থাকায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমীন।’
পুলিশ জানিয়েছে, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তাঁর কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। অতীতে দুজনের মধ্যে প্রকাশ্যে কথার লড়াই ও মতবিরোধ থাকলেও এ ঘটনায় পুরোনো বিরোধ ভুলে আসিফের পাশে দাঁড়িয়েছেন তিনি।
শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ, তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
উল্লেখ্য, গত বছরের শেষদিকে ফুটবল নিয়ে মন্তব্য এবং পরবর্তী সময়ে ব্যক্তিগত বিষয় ঘিরে আসিফ আকবর ও ওমর সানীর মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনায় আসিফের নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করেছেন এই অভিনেতা।
আসিফ আকবর সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।










