নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ ধরনের তৎপরতা মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৭ বছর শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। তাঁর দাবি, বর্তমানে দলটির নেতারা প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণই তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলগুলোর আন্দোলন কর্মসূচি নিয়েও বক্তব্য দেন জাতীয় সংসদের এই হুইপ। তিনি বলেন, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করলে আওয়ামী লীগ সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। তাই রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে বিরোধী দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দুলু আরও বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, বিএনপি ভালো কাজ করলে জনগণ আবারও দলটিকে ভোট দেবে, আর ব্যর্থ হলে অন্য দলকে বেছে নেবে।
তিনি বিরোধী দলগুলোর প্রতি আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার সুযোগ তৈরি না করার আহ্বান জানান।
নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ অন্য নেতারা।










