চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. নুরু উদ্দিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই এলাকার মোনাফ হাজীর পাড়ায় স্বামীর বাড়ির শয়নকক্ষে তানিয়ার মৃত্যুর ঘটনা ঘটে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিহতের স্বামী নুরু উদ্দিন ও ননদ জোৎস্না আক্তারকে (২৮) গ্রেপ্তার করে। মামলার অভিযোগে ননদের স্বামী মো. খোকনসহ আরও দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
নুরু উদ্দিন চরকানাই এলাকার কাঞ্চন মিয়া ও আলতাজ বেগমের ছেলে। অন্যদিকে জোৎস্না আক্তার পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মহিরা এলাকার বাসিন্দা মো. খোকনের স্ত্রী।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বাদীর এজাহারের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।










