জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে জাপানের অন্যতম বড় জ্বালানি কোম্পানি জেইআরএর (JERA) এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিদলে ছিলেন।
পরিদর্শনে জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি চাহিদা পূরণে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে।
চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরে জ্বালানি, প্রযুক্তি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
তবে জেইআরএর স্থাপনা পরিদর্শনের পর বাংলাদেশ ও জাপানের মধ্যে জ্বালানি খাতে নতুন কোনো চুক্তি বা নির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।










