অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট ও ঘরোয়া ওয়ানডে ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সঙ্গে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ম্যাক্সওয়েল।
এর আগে গত বছরের জুনে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটিই দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।
‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, অবসরের বিষয়টি নিয়ে বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা হয়েছিল। ভবিষ্যতের কথা বিবেচনা করে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টিও তিনি বুঝতে পেরেছেন।
তবে নিজের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেশের হয়ে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা ছিল তার। ম্যাক্সওয়েলের ভাষ্য, অস্ট্রেলিয়া দল আগামী কয়েক বছরে পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। ২০২৮ সালের অলিম্পিক সামনে রেখে নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে পরিচিত করানোও জরুরি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান এবং নিয়েছেন ৫১ উইকেট। এ সংস্করণে তার সেঞ্চুরি পাঁচটি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড।
এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেলেছেন তিনি। ২০১৭ সালে সর্বশেষ টেস্টে মাঠে নামেন ম্যাক্সওয়েল। এ সংস্করণে তার সংগ্রহ ৩৩৯ রান। ভারতের বিপক্ষে রাঁচিতে করা ১০৪ রান তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ম্যাক্সওয়েলের। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের বাকি সময়টুকু ভালোভাবে খেলতে এখন শরীরের যত্ন ও পুনর্বাসনে বেশি মনোযোগ দিতে চান।










