ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্ব ফুটবল অঙ্গনে। বিশ্বকাপ ফুটবলের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে এসেছিল ফিফা। তবে এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেছেন ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর সংগঠনের প্রধান ক্লদিয়াস শেফার।
ইউরোপের তেপ্পান্নটি পুরুষ ও নারী পেশাদার ফুটবল লিগের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের নেতৃত্বে থাকা শেফার একইসঙ্গে সুইস ফুটবল লিগের প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করছেন। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সনটাগসজাইটুংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, পুরো ঘটনাটি যেভাবে পরিচালিত হয়েছে এবং ফিফার গুরুত্বপূর্ণ অংশীদার সংস্থাগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেখে যে কোনো প্রতিষ্ঠানেই এমন সিদ্ধান্তের একমাত্র যৌক্তিক পরিণতি হওয়া উচিত নেতৃত্ব পরিবর্তন।
ইনফান্তিনোকে এখনো ফিফা সভাপতি হিসেবে গ্রহণযোগ্য মনে করেন কি না, এই প্রশ্নের জবাবে শেফার আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, সাধারণত কোনো সংগঠনে যদি কেউ অন্যদের না জানিয়ে এত বড় একটি বাণিজ্যিক চুক্তি এগিয়ে নিয়ে যায়, তাহলে তার স্বাভাবিক পরিণতিই হলো পদ থেকে সরে দাঁড়ানো।
জানা যায়, বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার এই পরিকল্পনা শুরু থেকেই তীব্র প্রতিরোধের মুখে পড়ে। ফিফা চেয়েছিল তাদের বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক দিক পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠন করতে, যেখানে বহিরাগত বিনিয়োগকারীদের সংখ্যালঘু অংশীদারত্ব দেওয়ার সুযোগ রাখা হতো। কিন্তু উয়েফা, কনকাকাফ ও এএফসিসহ একাধিক আঞ্চলিক ফুটবল সংস্থা এই পরিকল্পনার বিরোধিতায় সোচ্চার হয়।
শেষ পর্যন্ত গত শুক্রবার ইনফান্তিনো ঘোষণা দিতে বাধ্য হন যে ব্যাপক সমালোচনার মুখে ফিফা তাদের এই পরিকল্পনা বাতিল করেছে। তবে পরিকল্পনা প্রত্যাহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। উল্টো পরদিন শনিবার উয়েফা ও কনকাকাফ যৌথভাবে ঘোষণা দেয় যে তাদের ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আর আস্থা নেই, যা ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন সংকট তৈরি করেছে।

