নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে এক বছরের জন্য এই দায়িত্ব দিয়েছে। সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নারী দল ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩২টিতে জয় পেয়েছে।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা আক্তার দীর্ঘদিন ধরেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এসব ম্যাচে তাঁর শিকার ১৩২ উইকেট। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যার দিক থেকে তাঁর অবস্থান পঞ্চম।
নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নাহিদার নেতৃত্ব ও দক্ষতার ওপর আস্থা প্রকাশ করেন। জ্যোতি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে নাহিদা দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, দলের ভেতরে দায়িত্ব পরিবর্তন হলেও বাংলাদেশের ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের ভালোবাসা, আবেগ ও উচ্চাকাঙ্ক্ষা একই থাকবে। লাল সবুজের পতাকার জন্য তাঁদের লক্ষ্যও অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে নারী টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৪ বছর বয়সী ব্যাটার শোভনা মোস্তারি। ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর তিনি ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ সংস্করণে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা বাংলাদেশের তৃতীয় নারী ব্যাটারও তিনি। এর আগে নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক এই কৃতিত্ব অর্জন করেন।
বাংলাদেশ নারী দলের পরবর্তী টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন নেতৃত্বে এই আসরেই নিজেদের প্রস্তুতি ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পাবে বাংলাদেশ দল।










