প্রায় চার মাস আটক থাকার পর ইসরাইলের ওফার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল রানতিসি। দরিদ্র ও অসচ্ছল মানুষের স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়ার জন্য তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।
রোববার (২৫ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার থেকে ৭২ বছর বয়সী এই চিকিৎসককে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর প্রকাশিত ছবিতে তাকে অত্যন্ত শীর্ণকায় অবস্থায় দেখা গেছে। তার কপালেও লাল ক্ষতচিহ্ন ছিল।
গত ২১ জুন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার আল তিরা এলাকায় তার বাড়িতে ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে ইসরাইলি বাহিনী। পরে ফিলিস্তিনি অলাভজনক সংস্থা ইউনিয়ন অব হেলথ ওয়ার্ক কমিটিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ইসরাইলি কর্তৃপক্ষ।
দীর্ঘ কয়েক দশক ধরে নিম্ন আয়ের রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন মাজেন আল রানতিসি। অনেক সময় তিনি রোগীদের কাছ থেকে কোনো ফি নিতেন না। এমনকি বিনা মূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসাসেবাও দিতেন। রামাল্লায় তার ক্লিনিকটি দরিদ্র মানুষের কাছে নির্ভরতার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে।
রোগীদের ভাষ্য, ক্লিনিকের নির্ধারিত সময়ের বাইরেও তিনি ফোন ও বিভিন্ন বার্তাপ্রেরণ অ্যাপের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিতেন। এসব সেবার জন্যও অনেক ক্ষেত্রে অর্থ নিতেন না তিনি।
তার আটকের ঘটনায় পশ্চিম তীরজুড়ে উদ্বেগ ও নিন্দা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য, সহকর্মী ও রোগীরা তার অবস্থান ও শারীরিক অবস্থা জানতে চেয়ে দ্রুত মুক্তির দাবি জানান। অধিকারকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুক্তির দাবিতে প্রচার চালান।
আটকের সময় ইসরাইলি কর্তৃপক্ষ তার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। মুক্তির পর তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: প্রেস টিভি










