ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষার বিশেষ কোর্সে চীনা শিক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে শিক্ষার্থী বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা।
সাক্ষাতে উপাচার্য বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়াতে ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীনা, জাপানি ও কোরিয়ানসহ বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে চীনা শিক্ষার্থীদের বাংলাদেশে এসে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন শিক্ষার্থী বাংলা ভাষার বিশেষ কোর্সে অংশ নেন। ২০২৫ সালে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেন ১৯ জন। আর ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী কোর্সটিতে অংশ নিচ্ছেন।
চীনা শিক্ষার্থীদের এই বাড়তি অংশগ্রহণকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ভাষা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়।









