জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের চেতনা পৌঁছে দিতে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স, সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। অংশ নেবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। এছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান। পাশাপাশি নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী দর্শকদের সামনে পরিবেশনা করবেন।
আয়োজকদের ভাষ্য, ব্যান্ড সংগীত, আধুনিক গান ও র্যাপের সমন্বয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও চেতনাকে সংগীতের মাধ্যমে তুলে ধরা হবে। এই আয়োজন শুধু বিনোদনের নয়, বরং ইতিহাস স্মরণ, সংহতি প্রকাশ এবং তরুণ প্রজন্মের মধ্যে সেই সময়ের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ।
উন্মুক্ত এই কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক সংগীতপ্রেমীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি দেশের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠবে বলেও তাদের প্রত্যাশা।

