জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করে তাঁর সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বলে অভিহিত করেন তিনি।
জয়া বলেন, মোশাররফ করিমের সঙ্গে তাঁর সরাসরি অভিনয়ের সুযোগ খুব কম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিচালকেরা তাঁর এই ইচ্ছার কথা বিবেচনা করবেন এবং ভবিষ্যতে দুজনকে একসঙ্গে কাজ করার সুযোগ দেবেন।
মোশাররফ করিমকে নিজের পছন্দের একজন গুণী অভিনেতা উল্লেখ করে জয়া জানান, একসময় তাঁরা একসঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির নাম ‘ঈদের ডায়েরি’। ২০১১ সালের ঈদুল ফিতরে প্রচারিত নাটকটি পরিচালনা করেন ইশতিয়াক আহমেদ রুমেল। নাটকটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন জয়া আহসান ও মোশাররফ করিম। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা এই দুই অভিনয়শিল্পীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।










