জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায়। অতিথি চরিত্রে থাকছেন তিনি। মুক্তির আগে তার উপস্থিতি চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কলকাতায় গোপনে সিনেমাটির শুটিংও করেছেন মেহজাবীন।
টিভি নাটক থেকে দূরে থাকা এই অভিনেত্রী বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত। ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে তৃতীয় সিনেমার কাজ।
ছোটপর্দা ও ওটিটিতে ভিন্নধর্মী গল্প নির্মাণের জন্য পরিচিত ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই সিনেমাটির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। এ কারণে মেহজাবীনের অংশগ্রহণ নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।










