ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, নতুন পণ্য যুক্ত করার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে আর্থিকভাবে স্বনির্ভর হতে চায় সংস্থাটি।
ইতোমধ্যে কাপড় কাচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট ও লবণ বিক্রি শুরু করেছে টিসিবি। এসব পণ্য প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করেও সামান্য মুনাফা করছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক কার্যক্রম থেকে টিসিবির মুনাফা হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ টাকা।
চেয়ারম্যান জানান, বর্তমানে নতুন বাণিজ্যিক পণ্যের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫০ লাখ গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে টিসিবি। চলতি অর্থবছরে এ সংখ্যা ৭০ থেকে ৮০ লাখে এবং আগামী অর্থবছরে এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এক কোটি গ্রাহকের কাছে পৌঁছাতে পারলে প্রায় ৭০০ কোটি টাকার অতিরিক্ত আয় বা আর্থিক সুবিধা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
নতুন পণ্যগুলো বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে। তবে এসব পণ্য যুক্ত হওয়ার কারণে ভর্তুকির আওতায় থাকা পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা নেই।
এ ছাড়া আটা বিক্রি, ভোজ্যতেলসহ আরও কিছু নিত্যপণ্যের বাজারজাতকরণ এবং পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছে টিসিবি। বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে পেঁয়াজ ও আলুও সংগ্রহ করবে সংস্থাটি।
সূত্র: বাসস










