হংকং সিক্সেস টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছে বাংলাদেশ। বোল সেমিফাইনালে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শুধু তাই নয়, টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
হংকংয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও এক উইকেটে হারের হতাশায় পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। অন্যদিকে সাব্বির রহমান সুবিধা করতে পারেননি। মাত্র ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।
মাত্র ১৩ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সোহান। ইনিংসের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার ব্ল্যাক সিম্পসনের বলে ছক্কার বৃষ্টি নামান তিনি ও মৃত্যুঞ্জয়। ওভারের প্রথম দুই বলে টানা ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর অবসর নিতে হয় তাকে। বাকি চার বলে টানা চারটি ছক্কা মারেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান বাংলাদেশের অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয় প্রোটিয়াদের। শেষদিকে মৃত্যুঞ্জয়ের ৬ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস এবং রনির ১০ বলে অপরাজিত ২৮ রানের সুবাদে নির্ধারিত সময় শেষে ১২৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। শেষদিকে আবারও ব্যাটিংয়ে নামেন সোহান।
প্রথম দুই ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন বিধ্বংসী ব্যাটিং বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারদের এই পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা।










