দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকবে।
প্রথম দুই দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে এবং আটটি বিভাগের অধিকাংশ এলাকাই এর আওতায় আসবে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কারণে কিছু এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আবার সপ্তাহের শেষদিকে কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের প্রয়োজন ছাড়া ভারী বৃষ্টির সময় বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং নদী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

