জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ভুয়া ডিও (আধা সরকারি) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সচিবালয় জানায়, আলোচিত চিঠিটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
ভুয়া চিঠিতে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের সুপারিশ করা হয়েছিল।
সংসদ সচিবালয় জানিয়েছে, জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড বা স্বাক্ষর জাল করে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি চিঠি পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে গ্রহণ করার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছে।

