জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) এ ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা একে তুলনামূলকভাবে অগভীর ও বেশি অনুভূত হওয়া ভূমিকম্পে পরিণত করেছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, উদ্ধার প্রস্তুতি জোরদার এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

