ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে সরকারি কার্যক্রমে অংশ নেন।
সকাল সোয়া ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল প্রধান ফটক-২-এ তাঁকে অভ্যর্থনা জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
পরে আনুষ্ঠানিকতা শেষে তিনি তাঁর কার্যালয়ে যান এবং বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম, চলমান দায়িত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম।

