বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার। পুলিশ জানায়, তারা ১০ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে বান্দরবানে বেড়াতে এসেছিলেন। দলের অন্য সদস্যরা বগালেকের একটি কটেজে অবস্থান করলেও এই দুজন প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেলে কেওক্রাডংয়ের উদ্দেশে রওনা হন।
ফেরার পথে পেঁপে বাগান এলাকার একটি খাড়া ও আঁকাবাঁকা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যান তারা। দুর্ঘটনার পর দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
পরে গভীর রাতে খাদে নেমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় প্রশাসন পর্যটকদের পাহাড়ি সড়কে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এসব পথে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

