বাড়িতে ছোট শিশু থাকলে কিছু সাধারণ জিনিসও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। শিশুরা কৌতূহলবশত ছোট বস্তু মুখে দিয়ে ফেলতে পারে, যা শ্বাসনালি বন্ধ হয়ে গুরুতর বিপদের সৃষ্টি করতে পারে। তাই তাদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা জরুরি।
শিশুবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শিশুর বয়স অনুযায়ী খাবার দিন এবং ছোট টুকরা বা বড় বীজযুক্ত ফল খাওয়ানোর সময় সতর্ক থাকুন। পাঁচ বছরের আগে বাদাম, লজেন্স, ক্যান্ডি ও ললিপপ না দেওয়াই ভালো। খাওয়ার সময় শিশুকে হাসাহাসি, কথা বলা বা মোবাইল-টিভিতে মনোযোগী হতে দেওয়া উচিত নয়।
এছাড়া ছোট অংশযুক্ত বা ভাঙা খেলনা, বড় ভাইবোনের ছোট খেলনার অংশ এবং বাড়ির আশপাশে থাকা ছোট বস্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
শিশুর নাগালের বাইরে রাখুন:
- মার্বেল
- নুড়ি পাথর
- সেফটি পিন ও সূঁচ
- ধাতব মুদ্রা
- ঘড়ির ছোট ব্যাটারি
- ছোট চুম্বক
- বোতামজাতীয় ছোট বস্তু
- সব ধরনের ওষুধ
- ডিশওয়াশিং লিকুইড
- বাথরুম ক্লিনার
- গ্লাস ক্লিনার
- প্রাণিখাদ্য
বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও বাড়তি সতর্কতাই শিশুদের শ্বাসরোধ, বিষক্রিয়া এবং অন্যান্য দুর্ঘটনা থেকে নিরাপদ রাখতে সবচেয়ে কার্যকর উপায়।

