ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে রং করা ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে। এতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো অতীতের রাজনৈতিক দমন-পীড়নের স্মৃতি বহন করে এবং সেগুলো সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, আন্দোলনের সময় শিক্ষার্থীরা দেয়ালচিত্রের মাধ্যমে তাদের অভিজ্ঞতা, প্রতিবাদ ও সময়ের বাস্তবতা তুলে ধরেছিলেন, যা এখন দেশের ইতিহাসের অংশ হয়ে উঠেছে। তাই এসব গ্রাফিতি সংরক্ষণ করে ইতিহাসের সাক্ষ্য হিসেবে ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে যেন কোনো ধরনের স্বৈরশাসন বা ফ্যাসিবাদী প্রবণতার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এই উদ্যোগ কেবল দেয়ালচিত্র সংরক্ষণের নয়, বরং ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও একটি প্রচেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

