দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১২১ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং ৭৫১ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এ সময়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৬ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ জনের। সব মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন। পরিস্থিতি মোকাবিলায় শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

