দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে শূন্য হয়ে যাওয়া পদ পূরণে সংশ্লিষ্ট কমিটির নিচের স্তরে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করেই এসব সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সাড়ে ৯টার দিকে।
বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি এবং ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন এবং সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের বিভিন্ন কমিটিতে কেউ মারা গেছেন, কেউ বিভিন্ন কারণে দলের সঙ্গে নেই এবং কেউ বহিষ্কৃত হয়েছেন। এভাবে যেসব পদ শূন্য হয়েছে, সেগুলো কীভাবে পূরণ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির ইমিডিয়েট নিচে থাকা নেতাদের পদোন্নতির মাধ্যমে এসব শূন্য পদ পূরণ করা যায় কি না, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তা পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।
রিজভী বলেন, সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোও পুনর্গঠন করা হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শিগগিরই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। রিজভী জানান, এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের জন্য ১৫ সেপ্টেম্বর পল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। দলের পক্ষ থেকে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রচারপত্র তৈরির পরিকল্পনা রয়েছে।
রিজভী বলেন, স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য প্রয়োজনীয় বিন স্থাপনের উদ্যোগ নেওয়া দরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বাজার কমিটিগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হতে পারে বলেও জানান তিনি।
বৈঠকে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মশারি সরবরাহ এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুলশানে মিছিলের বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কর্মসূচির সঙ্গে কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে বলে মন্তব্য করেন তিনি।
সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠকের শুরুতে নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ায় তার সুস্থতা কামনা করা হয়।
এর আগে সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন তারেক রহমান।










