কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিকৃত ছবি এবং সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে ট্রল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। এসব কারণে ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মালয়ালাম সিনেমার এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারকাদের সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার প্রবণতা বাড়লেও ঐশ্বরিয়া লক্ষ্মী বেছে নিয়েছেন ভিন্ন পথ। তাঁর অভিযোগ, এআইনির্ভর বিভিন্ন কনটেন্ট এবং তাঁর ছবি অশালীনভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা তাঁকে বিরক্ত করেছে। এ ধরনের ছবি ও সম্পাদিত কনটেন্টের অস্তিত্ব এখনো রয়েছে বলে জানান তিনি।
প্রথমে স্থায়ীভাবে ইনস্টাগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেননি অভিনেত্রী। কাজের প্রচার ও পেশাগত প্রয়োজনে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ মনে করতেন তিনি। তাই শুরুতে কিছুদিনের জন্য অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রাখার কথা ভেবেছিলেন। তবে পরে উপলব্ধি করেন, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে গিয়ে তাঁকে এমন একটি ভাবমূর্তি ধরে রাখতে হচ্ছে, যা সব সময় তাঁর প্রকৃত ব্যক্তিত্বের সঙ্গে মেলে না।
ঐশ্বরিয়ার মতে, সামাজিক মাধ্যমে একজনের পোস্ট দেখে অন্যরা তাঁর সম্পর্কে নির্দিষ্ট ধারণা তৈরি করেন। পরে সেই ধারণার সঙ্গে তাল মিলিয়ে চলার চাপও তৈরি হয়। এতে নিজের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হতে পারে। এ চাপ থেকে মুক্তি পেতেই প্ল্যাটফর্মটি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি একটি জুয়েলারি প্রদর্শনীতে তাঁর পরা পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে ট্রল করা হয়। এ ঘটনায় ভারতীয়দের মানসিকতা ও সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, তারকারা কোথায় যাবেন, কী পোশাক পরবেন, কী খাবেন কিংবা কার সঙ্গে মিশবেন, তা অন্যদের নির্ধারণ করে দেওয়ার বিষয় নয়।
অভিনয় ও কাজের বাইরে ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা ট্রল করাকে হীন মানসিকতার পরিচয় বলে মনে করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।










