বিশ্ব ফুটবল হারালো সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারকে। ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি ৬৬ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান।
ক্লাবটির শোকবার্তায় বলা হয়েছে, বারেসি শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন মিলানের ইতিহাস ও আদর্শের প্রতীক। তার সততা, নেতৃত্ব এবং ক্লাবের প্রতি নিবেদন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বারেসি। যদিও সেই আসরে মাঠে নামার সুযোগ হয়নি, তবে পরবর্তী সময়ে তিনি জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হন। ১৯৯৪ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। দেশের জার্সিতে ১২ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৮১টি ম্যাচ।
ক্লাব ফুটবলে বারেসির পুরো ক্যারিয়ারই কেটেছে এসি মিলানে। ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা দুই দশক একই ক্লাবের হয়ে খেলেছেন। এই সময়ে ৭১৯টি ম্যাচে মাঠে নেমে জিতেছেন ছয়টি সিরি আ শিরোপা, তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ), দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপসহ মোট ১৯টি ট্রফি।
মাত্র ২২ বছর বয়সে মিলানের অধিনায়কত্ব পান বারেসি এবং টানা ১৫ মৌসুম সেই দায়িত্ব পালন করেন। তার অসাধারণ নেতৃত্ব, নিখুঁত ট্যাকলিং, খেলার পরিস্থিতি আগেভাগে বুঝে ফেলার ক্ষমতা এবং রক্ষণ সংগঠনের দক্ষতার কারণে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃতি পান।
২০২৫ সালে ফুসফুসে টিউমার ধরা পড়ার পর তার অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের মশাল বহনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
বারেসির অবসরের পর তার সম্মানে এসি মিলান ৬ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসর ঘোষণা করে, যা ক্লাবটির ইতিহাসে প্রথম এমন সম্মান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফুটবল অঙ্গনের সাবেক ও বর্তমান তারকা, সমর্থক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন।

