এক সময় দেশের স্পিনিং শিল্পের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এখন দীর্ঘদিনের লোকসান, ঋণের চাপ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে কঠিন সংকটের মুখে রয়েছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯২ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা কোম্পানিটি নব্বইয়ের দশকে দ্রুত সাফল্য অর্জন করে। ১৯৯৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং পরের বছর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির বিক্রি ও উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়।
তবে ২০১২ সালের পর থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়। বিদ্যুতের উচ্চ ব্যয়, শ্রমিক সংকট এবং বিদেশি সুতার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় কোম্পানিটি টানা লোকসানের মুখে পড়ে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৩২ কোটি ৫৩ লাখ টাকা আয় করলেও নিট লোকসান হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা। একই সময়ে ঋণের বোঝা বেড়েছে এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সায়। কর্মীসংখ্যাও এক বছরে প্রায় ৩০ শতাংশ কমে ৮০১ জনে নেমে এসেছে।
বর্তমানে কোম্পানির সঞ্চিত লোকসান প্রায় ৭৯ কোটি টাকায় পৌঁছেছে। নিরীক্ষা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ভবিষ্যতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মনিরুল ইসলাম খান আশাবাদী। তাঁর মতে, কারখানাটি বিদ্যুৎনির্ভর হওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। ভোলা থেকে গ্যাস সংযোগ পাওয়া গেলে ব্যয় কমবে এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। বরিশাল অঞ্চলের কর্মসংস্থান রক্ষার স্বার্থে উদ্যোক্তারা এখনো প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশা করছেন।

