কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
দীর্ঘ ২৫ বছরের বেশি ব্যাংকিং ক্যারিয়ারে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন রিটেইল, এসএমই, কৃষি, করপোরেট, ট্রানজেকশন ও ব্রাঞ্চ ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক প্রবৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যালান্স শিট শক্তিশালীকরণ এবং সাংগঠনিক উন্নয়নে তার অভিজ্ঞতা রয়েছে।
কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি পদ্মা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি ব্যবসা পুনরুজ্জীবন, গ্রাহক সম্পর্ক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির জন্য বিভিন্ন কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দেন। পাশাপাশি তিনি চিফ রিকভারি অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারের দায়িত্বও পালন করেন।
এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক ও ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
ব্যাংকিং খাতে অবদানের পাশাপাশি তিনি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন।
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞ নেতৃত্বে ব্যাংকটি আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে।

