পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালতে পাওয়া তাঁর শর্তসাপেক্ষ জামিন বাতিলের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএই আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে জামিন দিয়েছেন বলে সরকার জানতে পেরেছে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনজীবী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার বিষয়ে সরকারের সন্দেহ রয়েছে। বিষয়টি যাচাইয়ের পাশাপাশি আদালতের জামিন আদেশের প্রত্যয়িত কপি সংগ্রহ করা হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার (রিপ্যাট্রিয়েশন) বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর জামিনের শর্ত পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আদালতের বিস্তারিত আদেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

